ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ডেস্ক রিপোর্ট
7
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:১১:৫৩ পিএম
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জামায়াতের ভোলা জেলা সেক্রেটারী হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হুমায়ুন কবির সোপান, জমিয়াতে মোদারেছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, সদর উপজেলা জামায়াতের আমির কামাল হোসাইন, আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশারেফ অমি প্রমুখ।
গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রথম অধিকার এ জেলার মানুষের। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এসব সুবিধা ভোলার মানুষের চাহিদা পূরণের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।
বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।
তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে।
দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। বর্তমানে দেশের মূল ভূখন্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় এ জেলার বাসিন্দাদের। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করতে হয়।
আমরা ভোলাবাসী সংগঠনের অন্যতম সংগঠক এনামুল হক জানান, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বদলে যাবে দ্বীপজেলার মানুষের জীবনমান। সহজ হবে চিকিৎসাসেবা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে ভোলাসহ দক্ষিণাঞ্চল।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ভোলার মানুষ সরাসরি সড়ক যোগাযোগ, উন্নত চিকিৎসা ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এসব সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে উন্নত চিকিৎসার অভাবে অনেক রোগীকে সময়মতো বরিশাল ও ঢাকায় নেওয়া সম্ভব হয় না। এতে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।
তাঁদের দাবি, ভোলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি জামাল, সম্পাদক পারভেজ
১৭ নভেম্বর ২০২৬
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
১০ নভেম্বর ২০২৬
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন : জলিল সিকদার সভাপতি , মো. নুরুল হক সাধারণ সম্পাদক
১৯ অক্টোবর ২০২৬
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
